বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থীকে কারাগারে রেখে কীভাবে সমতাপূর্ণ নির্বাচন সম্ভব: প্রশ্ন হাবিবার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম
জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী কারাবন্দী গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া
expand
জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী কারাবন্দী গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া

সাবেক তিনবারের নির্বাচিত এমপি বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী কারাবন্দী গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া অভিযোগ করেছেন যে লাঙ্গল প্রতীকে এলাকায় ব্যাপক সাড়া পাওয়া গেলেও তার বাবাকে কারাগারে রেখে সুষ্ঠু ও সমতাপূর্ণ নির্বাচন সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জনসংযোগকালে গণমাধ্যমকে তিনি বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় ঘুরে লাঙ্গল প্রতীকের পক্ষে মানুষের উৎসাহ দেখা যাচ্ছে। “ভোটাররা মুখে মুখে বলছেন তারা লাঙ্গল প্রতীকে ভোট দেবেন,” উল্লেখ করে তিনি বলেন, তার বাবা এমপি থাকাকালে দুই উপজেলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে, যার স্মৃতি এখনো মানুষের মনে আছে।

হাবিবা কিবরিয়া দাবি করেন, গোলাম কিবরিয়া টিপুর সময়ে বরিশাল-৩ আসনে কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম ছিল না। “মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারত। বাবা কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। জাতীয় পার্টির এমপি হয়েও সব দলকে সমান চোখে দেখেছেন,” বলেন তিনি।

নির্বাচনকে ঘিরে শঙ্কা প্রকাশ করে হাবিবা অভিযোগ করেন যে, বিএনপি- সমর্থিত ব্যক্তিরা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। তার দাবি, লাঙল প্রতীকের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবং কেন্দ্রে গেলে হামলার হুমকি দেওয়া হচ্ছে।

“আমাদের পোলিং এজেন্ট ও কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। এই অবস্থায় কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই,” বলেন তিনি।

তিনি জানান, বিষয়টি প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলকে জানানো হলেও সন্তোষজনক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না।

তার বাবা এখনো কোনো মামলায় সাজাপ্রাপ্ত নন দাবি করে হাবিবা কিবরিয়া বলেন, “এক মামলায় জামিন দিলে আরেক মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। দেশে নির্বাচনের জন্য জামিন দেওয়ার আইন আছে। অন্তত এক সপ্তাহের জন্য হলেও বাবার জামিন নিশ্চিত করা হোক।”

তিনি মনে করেন, প্রার্থীকে বাইরে থাকতে না দিলে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন সম্ভব নয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup