

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার আমতলী উপজেলায় তালগাছ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আতাহার হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি তালগাছ নিয়ে চলাভাঙ্গা গ্রামের সাইদুল মৃধার সঙ্গে আতাহার হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ওই তালগাছ থেকে রস সংগ্রহের জন্য আতাহার হাওলাদার গাছটি প্রস্তুত করেন।
পরে বিকেলে সাইদুল মৃধা ওই গাছে বাঁশের আড় দিয়ে গাছের মুছি কেটে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে সাইদুল মৃধা, তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি মিলে আতাহার হাওলাদারকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত সাইদুল মৃধা ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের ছেলে আলানুর বলেন, সাইদুল মৃধা তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি আমার বাবাকে পিটিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। আমি প্রতিবাদ করতে তাদের বাড়িতে গেলে আমাকেও মারধর করা হয়। আমি এ হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তি দাবি করছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মহুয়া আক্তার জানান, ‘আতাহার হাওলাদারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিবার অভিযোগ বা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন