

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও অন্তত ৪টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি মুদি ও মনোহারী দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে ফোরকান ভ্যারাইটিস, আমির মুদি হার্ডওয়্যার, রাজ্জাক মুদি, দুলাল কনফেকশনারি, হাসান গোস্তের দোকান, মামুন মুদি ও হানিফা মুদি—এই সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া মাসুদ বিকাশ, নাসির উদ্দিন চা, সাহারুল চাসহ আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন