শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণিমার কেক থেকে বেরিয়ে এলো রহস্যময় বাক্স!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম আপডেট : ১১ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছিল এক বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল পূর্ণিমার জন্মদিন উদযাপনের কেক কাটার সময়। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে সাথে নিয়ে পূর্ণিমা যখন কেক কাটতে যান, তখন কেকের ভেতর একটি শক্ত কিছু বাধা পান।

পরে দেখা যায়, কেকের ভেতরে লুকিয়ে রাখা ছিল একটি ছোট রহস্যময় বাক্স! তবে সেই বাক্সের ভেতর ঠিক কী উপহার ছিল, তা এখনই প্রকাশ করেননি আয়োজকরা।

স্টুডিওতে পৌঁছানোর পর থেকেই পূর্ণিমার জন্য অপেক্ষা করছিল একের পর এক চমক। চ্যানেল আইয়ের মূল ফটক থেকে শুরু করে স্টুডিও পর্যন্ত পুরো করিডর সাজানো হয়েছিল তার তিন দশকের অভিনয় জীবনের নানা আলোকচিত্র দিয়ে।

লালগালিচা পেরিয়ে স্টুডিওতে ঢোকার সময় নিজের দীর্ঘ ক্যারিয়ারের রঙিন স্মৃতিগুলো দেখে আবেগআপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী।

আড্ডায় জীবনের গল্প

স্টুডিওতে পূর্ণিমাকে স্বাগত জানান জনপ্রিয় সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। এরপর একটি আড্ডাভিত্তিক অনুষ্ঠানে পূর্ণিমা তার ক্যারিয়ারের শুরু, স্মরণীয় সিনেমা, প্রিয় সহশিল্পী, গান, খাবার এবং ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প ভক্তদের সাথে শেয়ার করেন। এমন ব্যতিক্রমী ও সম্মানজনক আয়োজনে মুগ্ধ হয়ে পূর্ণিমা জানান, এই স্মৃতি তার মনে দীর্ঘদিন অমলিন থাকবে।

ইফতেখার মুনিমের প্রযোজনায় বিশেষ এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘জোছনার ওপারে পূর্ণিমা’। অনুষ্ঠানটি আজ শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামে জন্ম নেওয়া পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় মাত্র ১৫ বছর বয়সে, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে।

২০০৩ সালের ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি তাকে তারকাখ্যাতির শীর্ষে নিয়ে যায়। প্রায় তিন দশকের ক্যারিয়ারে তিনি ৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।

রিয়াজ, মান্না, শাকিব খান, ফেরদৌসসহ দেশের শীর্ষ নায়কদের সাথে জুটি বেঁধে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও নাটকেও তিনি সমান সফল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup