

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় কুমিল্লার একটি এইচএসসি পরীক্ষা কেন্দ্র কার্যত পানির নিচে চলে যায়। কোমরসমান পানি মাড়িয়ে এবং নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার শিক্ষার্থীদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। এর পরই কেন্দ্র পরিবর্তন এবং পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১৩ জুলাই) সকালে কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নৌকায় করে পরীক্ষার্থীদের জলাবদ্ধ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রধানমন্ত্রী তাকে ফোন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। একই সঙ্গে জলাবদ্ধ ওই কেন্দ্র পরিবর্তন এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়ানোর সিদ্ধান্তের বিষয়টিও তাকে জানানো হয়।
এর আগে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টার বৃষ্টিতে কুমিল্লার মনোহরপুর এলাকার সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র পানিতে তলিয়ে যায়। এতে এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। নির্ধারিত সময়ে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেননি।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, অনেক পরীক্ষার্থী কোমরসমান পানি মাড়িয়ে কেন্দ্রে যান। পরে কলেজ ক্যাম্পাসের ভেতরে পরীক্ষার্থীদের পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করা হলে অনেককে নৌকায় চড়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার মাত্র তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দারাও দুর্ভোগে পড়েন।