

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১৩ জুলাই) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। তিনি বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। অভিযুক্ত রাব্বি নিহত রুবেলের ছোট বোনের দেবর বলে জানা গেছে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।