

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা মাঝপথ থেকে ফিরে আসে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে নিতে। এ ঘটনায় ফেরিতে থাকা যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। এমন ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফেরিটি প্রায় ২৩ মিনিট চলার পর আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে। ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকাল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ফেরি মহানন্দা। প্রায় ২৩ মিনিট চলার পর ফেরিটি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। এ সময় ঢাকা থেকে ঘাটে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠার পর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বললেন, ‘ফেরির মাস্টার প্রথমে আমাকে জানান, ফেরি ছাড়বে না। পরে আবার জানান, বিকাল সাড়ে ৩টায় ফেরি ছাড়বে। কিন্তু ছাড়ার প্রায় ২৩ মিনিট পর ফেরি আবার ফিরে আসে এমপি হান্নান মাসউদকে নিয়ে যাওয়ার জন্য। হাতিয়ার ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা আগে দেখিনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান, ঘাট থেকে ছেড়ে আসার অনেকক্ষণ পর হঠাৎ দেখি ফেরি ঘুরে যাচ্ছে। পরে ঘাটে ফিরে দেখি এমপি হান্নান মাসউদ ও তার সঙ্গে থাকা লোকজন ফেরিতে উঠছেন। তিনি আরও জানান, এমন বৈরী আবহাওয়ায় একদিকে আমরা ভয়ের মধ্য দিয়ে নদী পাড়ি দিচ্ছি আর এমপি দেখাল তার ক্ষমতা।
ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরি ঘাটে ফিরে আসে।’
ফেরি মহানন্দার মাস্টার নুরুল আমীন বলেন, ‘আমি এত কিছু জানি না। ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার আমাকে জানান, ঘাটে এমপি এসেছেন। ফেরি ঘুরিয়ে তাকে নিয়ে যেতে হবে। পরে আমরা ঘাটে ফিরে এমপিকে নিয়ে নলচিরা ঘাটে যাই।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভিআইপির জন্য নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাওয়া ফেরি মাঝপথ থেকে ফিরিয়ে আনা কতটা যৌক্তিক?
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
