

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গত দুই দিন ধরে টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলাসহ আশপাশের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, চকরিয়া পৌরসভার হাসপাতাল পাড়া, থানা সেন্টার, নিউমার্কেট ও থানা রাস্তার মাথা এলাকার প্রধান সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
এছাড়া টানা বৃষ্টিতে মাতামুহুরী নদীর পানি বাড়ার পাশাপাশি উপজেলার কাকারা, লক্ষ্যারচর, ফাঁসিয়াখালী, কৈয়ারবিল, বরইতলী, ডুলাহাজারা, পূর্ব বড় ভেওলা, সাহারবিল, সুরাজপুর-মানিকপুর ও বমু-বিলছড়ি ইউনিয়নের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে মানুষ ঘর থেকে বের হতে না পারায় দৈনন্দিন কর্মব্যস্ততা ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি এভাবে চলতে থাকলে মাতামুহুরী নদীর পানি আরও বেড়ে চকরিয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নদী তীরবর্তী নিচু এলাকাগুলোতে আকস্মিক বন্যার আশঙ্কাও করছেন তারা।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের কারণে মাতামুহুরীসহ বেশ কয়েকটি নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনও এই অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতি মোকাবিলায় চকরিয়া উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলো সার্বক্ষনিক নজরদারি রাখছে।