

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রচলিত আইনি প্রক্রিয়াই অনুসরণ করতে হবে। তবে তিনি মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।
সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন এবং ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন।
বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভার প্রচলন রয়েছে। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তা ইতিবাচক হিসেবেই দেখা উচিত।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ছায়া মন্ত্রিসভা যদি মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম পর্যালোচনা করে সরকারের নীতিমালা ও কার্যক্রমের গঠনমূলক সমালোচনা এবং উন্নয়নের জন্য বাস্তবসম্মত পরামর্শ দিতে পারে, তাহলে সেটি গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
