শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তিকর ভিডিও ভাইরাল: সেই প্রধান শিক্ষক বরখাস্ত, এমপিও স্থগিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেশাগ্রস্ত অবস্থায় আপত্তিকর ও অশোভন আচরণের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও (MPO) স্থগিত (Stop Payment) করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শনিবার (৪ জুলাই) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পৃথক দুটি দাপ্তরিক আদেশের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-২ এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এক স্মারকে এবং শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোবরিনা শারমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের একটি আপত্তিকর ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওটিতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় বিদ্যালয় কক্ষে অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলতে দেখা যায়, যা শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে এবং স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

শিক্ষামন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনা: ভিডিওটি দৃষ্টিগোচর হওয়া মাত্রই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং উক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রদান করেন। মন্ত্রীর নির্দেশনার পর পরই শিক্ষা প্রশাসন দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করে।

সরকারি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আদেশে বলা হয়, প্রধান শিক্ষকের এই রূপ আপত্তিকর ও আইনবহির্ভূত কর্মকাণ্ড ‘স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকুরীর শর্ত বিধিমালা-১৯৭৯’ অনুযায়ী চরম শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের শামিল। এই প্রেক্ষিতে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১৮.১.গ ধারা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরদিকে, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও রাজশাহী শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী আজ ৪ জুলাই ২০২৬ তারিখ হতে মোঃ রুহুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে বিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও শিক্ষা কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষকে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে প্রাতিষ্ঠানিক লেনদেন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Morocco
Scheduled
04 Jul, 11:00 PM
VS
World Cup