শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় ১৪৪ ধারা জারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (০৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জলঢাকা পৌরসভার সেন্ট্রাল বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।

প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় ওই এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং অস্ত্র, লাঠিসোঁটা বা যেকোনো ধরনের দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সম্ভাব্য সহিংসতা এড়ানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, জলঢাকা বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে ‘বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন’ (রেজি নং-২২০)-এর একটি কার্যালয় রয়েছে। এরই মধ্যে ‘বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন’ (রেজি নং-৩৪৪৬) নামে আরেকটি সংগঠন পৌর এলাকার পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে নতুন কার্যালয় উদ্বোধনের ঘোষণা দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এবং পাল্টাপাল্টি অবস্থানের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করে।

এদিকে ১৪৪ ধারা জারির পর থেকেই জলঢাকা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা টহল ও নজরদারি জোরদার করেছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে উত্তেজনার কারণে ওই রুটে দূরপাল্লার যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, জনশৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। একইসঙ্গে তিনি সব পক্ষকে আইন মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup