

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মিফতাহুল জান্নাত প্রিয়া (২৭) স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নূর নবীর স্ত্রী।
শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখলেও নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা হতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে নূর নবীর সঙ্গে প্রিয়ার বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে সন্তান না হওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝে মান-অভিমান ও বাকবিতণ্ডা হতো। ঘটনার দিন সকালেও তাদের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল বলে জানা গেছে।
এরপর দীর্ঘ সময় প্রিয়াকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, দাম্পত্য জীবনে বড় ধরনের কোনো বিরোধ না থাকলেও দীর্ঘদিন সন্তান না হওয়ায় উভয়ের মধ্যেই মানসিক চাপ ও হতাশা ছিল। তবে পরিবারের সদস্যরা মৃত্যুর ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন তুলেছেন এবং এটিকে রহস্যজনক বলে দাবি করছেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।