

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার শিবপুর ও মেদুয়া ইউনিয়নে তীব্র নদীভাঙন রোধে দ্রুত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় ভোলা শহরের যুগীরঘোল এলাকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘শিবপুর ও মেদুয়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিতে দুই ইউনিয়নের হাজারো মানুষ অংশ নেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরাও নদীভাঙন রোধের নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে যোগ দেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মেঘনার তীব্র নদীভাঙনে শিবপুর ও মেদুয়া ইউনিয়নের শত শত ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও গুরুত্বপূর্ণ সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে দুই ইউনিয়নের অবশিষ্টাংশ চরম হুমকির মুখে রয়েছে। ভাঙন রোধে স্থায়ী সমাধানের জন্য দ্রুত কার্যকর ও টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানান তারা।
আন্দোলনকারীরা পাউবো কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অতি দ্রুত নদীভাঙন রোধে দৃশ্যমান ও টেকসই কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তবে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা সামনের প্রধান সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।