রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে ফজরের নামাজরত অবস্থায় সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১০:২৪ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

খুলনা মহানগরীতে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে সন্ত্রাসীদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টায় দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং একই এলাকার বাসিন্দা আলম মন্ডল (৫৫। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে এবং আলম মন্ডল মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তার পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিতে লোকমান হাকিমের মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

অন্যদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লাগে। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন,"টনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

মসজিদের মতো পবিত্র স্থানে নামাজরত মুসল্লিদের ওপর এ হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। হামলার পেছনের কারণ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন