

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহীতে পরিবেশ, প্রাণ-প্রকৃতি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ।
“নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, রাজশাহী বাঁচাও, বাঁচাও বাংলাদেশ” -এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।
নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতারা।
বক্তারা রাজশাহীর পরিবেশগত সংকট তুলে ধরে বলেন, নগরীতে গাছ কাটা, পুকুর ভরাট, কৃষিজমিতে পুকুর খনন, বায়ু ও শব্দদূষণ, নদী দখল ও দূষণ, পানি সংকটসহ নানা সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। এসব সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে টেকসই ও বাসযোগ্য রাজশাহী গড়তে ২০ দফা দাবি উত্থাপন করা হয়। দাবির মধ্যে রয়েছে -গাছ কাটা বন্ধ, পুকুর ও জলাধার রক্ষা, কৃষিজমি সংরক্ষণ, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক ব্যবহার বন্ধ, নদী দখল-দূষণ রোধ, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
এছাড়া পদ্মাসহ আঞ্চলিক নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে পুনঃখনন, বরেন্দ্র অঞ্চলের জন্য পৃথক পানি ব্যবস্থাপনা ও খরা তহবিল গঠনের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও নাগরিক জীবনের মান উন্নয়নে সরকার, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে রাজশাহী আরও বড় পরিবেশগত সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ রাজশাহীর সভাপতি অ্যাড. এনামুল হক, সহসভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. হোসেন আলী পিয়ারা, বরেন্দ্র ইয়ুথ ফোরাম রাজশাহীর সভাপতি মো. আতিকুর রহমান আতিক, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ, রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস, নদী গবেষক ও হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী প্রমুখ।
মন্তব্য করুন