

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলারের ডিলারশিপ বাতিল করেছে বর্তমান সরকার। কৃষকদের ভোগান্তি দূর করতে খুব শিগগিরই তাদের পরিবর্তে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের জেনারেল এম এ জি ওসমানী গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘ফ্যাসিস্ট আমলের ডিলাররা নানা রকম অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন। তারা সার আত্মসাৎ করছেন, যার কারণে প্রান্তিক কৃষকরা ঠিকমতো সার পাচ্ছেন না। কৃষক যাতে কোনো ধরনের সংকট ছাড়াই সময়মতো সার পান, তা নিশ্চিত করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।’
চিফ হুইপ আরও বলেন, ‘দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে সংসদে একটি ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সরকারি দল থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য রাখা হবে। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে এ কমিটি কাজ করবে।’
তিনি জানান, জ্বালানি সংকট নিরসনে সংসদে বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখেন। পরে সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়। সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে এ সংকট মোকাবিলা করবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।
মন্তব্য করুন