শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশে চলমান তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একদিনের ব্যবধানে কয়েকটি জেলায় তাপপ্রবাহ প্রশমিত হয়ে বর্তমানে ২১ জেলায় এটি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, শক্তিশালী বৃষ্টি বলয়ের প্রভাবে আগামী তিন দিনের মধ্যে তাপপ্রবাহ পুরোপুরি কেটে যেতে পারে। এরপর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা আগের দিনের তুলনায় কম।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আপাতত অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যার পর রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।

শনিবার (২৫ এপ্রিল) থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

রোববার (২৬ এপ্রিল) ও সোমবার (২৭ এপ্রিল) বৃষ্টিপাত আরও বিস্তৃত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ সময় তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও বলা হয়েছে, বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও কমে স্বস্তি ফিরতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন