শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম
আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান
expand
আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, দেশের বিচার ব্যবস্থায় কোনো ধরনের অনৈতিকতা বা পক্ষপাতিত্ব আর সহ্য করা হবে না।

তিনি বলেন, বিচার বিভাগ সাংবিধানিকভাবে স্বাধীন হলেও অতীতে এর একটি অংশ রাজনৈতিক প্রভাবের কারণে স্বকীয়তা হারিয়েছে, ফলে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, নবাধিকার কমিশন ও গুম কমিশনের বিষয়ে নানা প্রশ্ন রয়েছে। পাশাপাশি জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী সংশোধন করে বাস্তবায়ন করবে।

তিনি বলেন, বর্তমান সরকার বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বুদ্ধিবৃত্তিক দুর্নীতি প্রতিরোধে কাজ করছে।

মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে বিতর্কের বিষয়টি স্বীকার করে আইনমন্ত্রী বলেন, এসব বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সমাধানের উদ্যোগ নেবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি সতর্ক করে বলেন, বিভাজনের রাজনীতি পুনরায় মাথাচাড়া দিচ্ছে, যা জাতীয় ঐক্যের জন্য হুমকি। তিনি ১৯৭১-এর চেতনা ও সাম্প্রতিক ইস্যুতে বিভক্তির পরিবর্তে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করে তিনি বলেন, ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং এই অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।

যশোরের বিচার ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, ঐতিহ্যবাহী যশোর কোর্টকে আরও সক্রিয় করতে উদ্যোগ নেওয়া হবে এবং বিচার বিভাগের বাজেট বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য গাজী এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের আগে আইনমন্ত্রী আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন এবং ঐতিহাসিক জেলা জজ ও দায়রা জজের পরিত্যক্ত ভবন পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন