বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ইউপিডিএফ কালেক্টরকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

পার্বত্য জেলা খাগড়াছড়ির সদর উপজেলায় গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত খীসা) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার ১ নম্বর খাগড়াছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবাড়ি এলাকায় একটি দোকানের পার্শ্ববর্তী স্থানে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭)। তিনি রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে।

বর্তমানে তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ইউপিডিএফ দলের কেন্দ্রীয় সংগঠক অংগ্য মারমা জানান, সকালে নিউটন চাকমাসহ দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান।

সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা আটজনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, ঠ্যাঙ্গারে সন্ত্রাসী বাহিনীর অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার সময় একজন পালিয়ে প্রাণে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

অন্যদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাদের দলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। বর্তমানে তাদের দলে শত্রুর অভাব নেই।’

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধারের পর তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন