

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত দিনগুলোতে উত্তরাঞ্চল উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকার এই অবহেলিত জনপদকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। বিশেষ করে লালমনিরহাট ও কুড়িগ্রামের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এখানে ভারী ও ক্ষুদ্র শিল্পের প্রসারে সরকার কাজ করছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ও উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, বৈষম্যের শিকার উত্তরাঞ্চলের জনপদের উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানা প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে। সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উদ্যোক্তাসহ স্থানীয় সুশীল সমাজের মতামত নেওয়া হয়েছে। মূলত আগামী বাজেটে এ পশ্চাদপদ জেলাগুলোর উন্নয়নে যেসব কর্মসূচি নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। আগামী বাজেটে বৈষম্য দূর করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের বলেন, বিগত সরকার নানাভাবে উত্তরাঞ্চলকে বঞ্চিত করেছে। উত্তরাঞ্চলসহ দেশের অর্থনীতিকে ভঙ্গুর করেছে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে নানান পদক্ষেপ নিতে সারাদেশের মতো উত্তরাঞ্চলকে কাজে লাগাতে চেষ্টা করছি। বৈষম্যের শিকার উত্তরাঞ্চলে কৃষিজাত পণ্য—আলু, ভুট্টা, টমেটো শিল্পকারখানা বা নদীর বালুকে কাজে লাগিয়ে কাচ শিল্পের বিকাশ, বা গবাদিপশুর দুগ্ধজাত কারখানা গড়ে তোলা যেতে পারে। এসব কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বেকারত্ব দূর করে উত্তরাঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করা হবে।
দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আপাতত দেশে জ্বালানির সংকট রয়েছে। তা খুব দ্রুত সমাধান করা হবে। আমরা উত্তর আমেরিকা হোক বা অন্য কোথাও, সেখান থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করব।
এর আগে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন শিল্প এলাকা পরিদর্শন করেছেন। নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্য এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কুড়িগ্রাম-লালমনিরহাটের স্থানীয় উদ্যোক্তা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভা করেন।
লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার উপস্থিত ছিলেন। সভায় এই অঞ্চলের শিল্প বিকাশের পথে বিদ্যমান বাধাগুলো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মন্তব্য করুন