

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি নিয়ে উদ্বেগ তৈরি হলেও চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে তেল ও গ্যাসবাহী কয়েকটি জাহাজ। এতে আপাতত দেশের জ্বালানি সরবরাহ নিয়ে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে জ্বালানিবাহী মোট ৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব জাহাজ আগেই মধ্যপ্রাচ্য থেকে যাত্রা শুরু করেছিল এবং ২৮ ফেব্রুয়ারির আগেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রম করে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজগুলো বন্দরে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আনলোডিং কার্যক্রম শুরু করা হবে।
অন্যদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত শুক্রবার থেকে তারা জ্বালানি তেল বিক্রিতে নির্দিষ্ট সীমা আরোপ করেছে, যাতে মজুত ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখা যায়।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ফলে ওই পথ ধরে যেসব জাহাজ পরে যাত্রা করার কথা ছিল, সেগুলোর অনেকই এখন সৌদি আরব, কাতার, দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকে আছে বলে জানা গেছে।
তবে এর আগে হরমুজ প্রণালি পার হয়ে যাত্রা করা জাহাজগুলো ধীরে ধীরে বাংলাদেশের বন্দরে পৌঁছাচ্ছে, যা দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি সামাল দিতে সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
