শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০১:৪৩ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে বলে আভাস দিয়েছে জ্যোতির্বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি।

প্রতিষ্ঠানটির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরির রমজান মাস সম্ভবত ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওই দিনই ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৮ মার্চ (রমজানের ২৯তম দিন) চাঁদ দেখার প্রচলিত সময়ের আগেই পশ্চিম আকাশে চাঁদ অস্ত যাবে। ফলে সেদিন সংযুক্ত আরব আমিরাতের আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুব কম।

এ অবস্থায় ১৯ মার্চকে রমজানের শেষ দিন ধরা হতে পারে এবং তার পরদিন, অর্থাৎ ২০ মার্চ ঈদ উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে ওই দিনও আমিরাতে চাঁদ দেখা সহজ হবে না বলে জানিয়েছেন গবেষকেরা। তাদের মতে, খালি চোখে তো বটেই, দূরবীন ব্যবহার করেও চাঁদ দেখা কঠিন হতে পারে। তবে উন্নত প্রযুক্তির সাহায্যে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হতে পারে।

এদিকে জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ভৌগোলিক অবস্থান ও জ্যোতির্বৈজ্ঞানিক কারণে পশ্চিমাঞ্চলের কিছু আরব ও মুসলিম দেশে নতুন চাঁদ দেখা যেতে পারে।

এই সব হিসাবের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, আমিরাতসহ বিশ্বের বেশ কিছু মুসলিম দেশে ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন