রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ থেকে নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি, কত লিটার নিতে পারবেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৭:০০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দীর্ঘমেয়াদে দেশে জ্বালানি সংকট এড়াতে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (৮ মার্চ) থেকে এই পদ্ধতি কার্যকর করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী আনিন্য ইসলাম অমিত।

শুক্রবার (৬ মার্চ) ঢাকার পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির বিষয়ে পেট্রোল পাম্পগুলোকে লিখিত নির্দেশনা দেওয়া হবে।

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের যানবাহনের জন্য দৈনিক জ্বালানি নেওয়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির জন্য নির্ধারিত সীমা ১০ লিটার। স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) বা জিপ এবং মাইক্রোবাসের ক্ষেত্রে দৈনিক ২০ থেকে ২৫ লিটার তেল নেওয়া যাবে।

এ ছাড়া পিকআপ ভ্যান বা লোকাল বাস দিনে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারবে। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাকের জন্য নির্ধারিত সীমা রাখা হয়েছে দৈনিক ২০০ থেকে ২২০ লিটার।

বিপিসি জানিয়েছে, দেশের মোট জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক সংকটময় পরিস্থিতির কারণে মাঝে মাঝে জ্বালানি তেল আমদানির ব্যবস্থাপনায় বিলম্ব বা বাধা তৈরি হয়।

সংস্থাটি আরও বলেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুদ নিয়ে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে অতিরিক্ত তেল কেনার প্রবণতা দেখা গেছে। এর ফলে অনেক ডিলারও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি পরিমাণ তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সরবরাহ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিপিসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন