

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মেলান্দহ উপজেলায় পৈতৃক সম্পত্তি ও বসতভিটা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) ইফতারের পর রাত সাড়ে ৮টায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. মাসুদ মিয়া (৩২) ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে। অভিযুক্ত ছোট ভাই মো. হাসিব মিয়া একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুই ভাই একই মায়ের সন্তান হলেও তাদের বাবা ভিন্ন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি ও বসতবাড়ি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। শনিবার ইফতারের পর একই বিষয়কে কেন্দ্র করে আবারও তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় হাসিব লাঠি ও লোহার রড দিয়ে মাসুদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুর ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, দুই ভাইয়ের মধ্যে বসতভিটা ও পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর অভিযুক্ত হাসিব পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন