বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে কী নিয়ে আলোচনা হলো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:৩১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই দিনের পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। তবে এ আলোচনায় স্থায়ী শান্তির আলোচনার পরিবর্তে দুই সপ্তাহ আগে ঘোষিত অন্তর্বর্তী চুক্তির বিষয়গুলোতেই বেশি জোর দেওয়া হয়েছে।

আলোচনার বিষয়ে অবগত সূত্রগুলো জানায়, দুই দেশের প্রতিনিধিরা দোহায় বৈঠক করেছেন। তাঁরা মূলত প্রাথমিক চুক্তির দুটি গুরুত্বপূর্ণ বিষয়—হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও ইরানের আটকে থাকা তহবিল ছাড় করানো নিয়ে আলোচনা করেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা–দাফনের পর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। ৯ জুলাই তাঁকে দাফন করার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, গত জুনে যে সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়েছিল, দোহা আলোচনায় সে বিষয়ে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। সুইজারল্যান্ড শীর্ষ সম্মেলনের ‘ফলাফলের ওপর ভিত্তি করেই’ এ আলোচনা এগিয়ে যাচ্ছে।

এদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে দুই পক্ষই এগিয়ে যাচ্ছে। মূলত এই পরমাণু কর্মসূচির কারণেই গত ফেব্রুয়ারিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন তিনি।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার কাজ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। এখন দেখা যাক কী হয়।’

তবে সূত্রগুলোর দাবি, এবারের আলোচনায় পরমাণু কর্মসূচির বিষয়টি ওঠেইনি। আলোচনা মূলত কারিগরি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, পরমাণু ইস্যুটি পরে বিবেচনা করা হবে। সাংবাদিকদের তিনি বলেন, ‘পরমাণু ইস্যু নিয়ে আমরা অবশ্যই চিন্তিত। আমরা এ বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি।’

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলাদা বৈঠক করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানান, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও শীর্ষ মার্কিন দূত স্টিভ উইটকফ এ বৈঠকে অংশ নেননি। অথচ একে ‘উচ্চপর্যায়ের’ আলোচনা আখ্যা দিয়ে হোয়াইট হাউস তাঁদের ওই অঞ্চলে পাঠিয়েছিল।

ইরানের প্রতিনিধিদলের নেতা ও উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, আলোচনা শেষ হয়েছে। তবে দুই পক্ষের মধ্যে কোনো মতবিরোধ দূর হয়েছে কি না, সে বিষয়ে কেউ কিছু জানায়নি।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup