মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিলিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ১১:৪৭ এএম
ভূমিকম্পের রিখটার স্কেল। ছবি সংগৃহীত
expand
ভূমিকম্পের রিখটার স্কেল। ছবি সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। স্থানীয় সময় সোমবার বিকেলে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চিলি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কালামা শহরের দক্ষিণে প্রায় ১২ কিলোমিটার দূরে। শক্তিশালী এই কম্পন আশপাশের বিভিন্ন এলাকায়ও অনুভূত হয়, যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের পরপরই চিলির হাইড্রোগ্রাফিক ও ওশেনোগ্রাফিক সার্ভিস পরিস্থিতি পর্যালোচনা করে জানায়, এই কম্পনের কারণে সুনামির কোনো ঝুঁকি তৈরি হয়নি। ফলে উপকূলীয় এলাকায় কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।

চিলির অবস্থান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে হওয়ায় দেশটিতে ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক ঘটনা। নাজকা ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে এ অঞ্চলে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে।

উল্লেখ্য, বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি ঘটেছিল এই দেশেই। ১৯৬০ সালে ভালদিভিয়ায় ৯ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এরপর ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে পাঁচ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন