শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির পাইপলাইনে ইরাক থেকে ড্রোন হামলা, বন্ধ তেল সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম
ইরাক থেকে চালানো ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন এলাকা।
expand

সৌদি আরবের অন্যতম প্রধান ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ব্যবস্থায় একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এতে সৌদি আরবের তেল সরবরাহ ও রপ্তানি ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা ও সৌদি কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পাইপলাইনটিতে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, পাইপলাইনের পাশে থাকা কয়েকটি পাম্পিং স্টেশনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। স্যাটেলাইট চিত্রে একটি পাম্পিং স্টেশনে ব্যাপক অগ্নিকাণ্ড এবং অন্য একটি স্টেশন থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এ ছাড়া পাইপলাইনের আশপাশে নয়টি বড় আগুনের শিখা শনাক্ত হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ ও মদিনা অঞ্চলে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ইরাক থেকে আসা একাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তবে ইরাকি প্রধানমন্ত্রীর অনুরোধে সৌদি আরব আপাতত কোনো পাল্টা সামরিক পদক্ষেপ নিচ্ছে না।

ইরাক সরকার জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবে কোনো হামলা চালাতে দেওয়া হবে না। একই সঙ্গে হামলার ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে দেশটি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর সৌদি আরবের জন্য ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালি এড়িয়ে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল এই পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পাঠানো হচ্ছিল।

সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের একটি বন্দর দখল করার পর সৌদি আরবের তেল পরিবহন ব্যবস্থা নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে। এর মধ্যে গুরুত্বপূর্ণ এই পাইপলাইনে হামলার ঘটনায় দেশটির তেল রপ্তানি আরও বড় ঝুঁকিতে পড়েছে।

হামলার পেছনে ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলো থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আগেই ইরান ইরাকি প্রক্সি গোষ্ঠীগুলোকে ব্যবহার করতে পারে বলে সতর্ক করেছিলেন।

এদিকে ওপেকের তথ্য অনুযায়ী, গত মাসে সৌদি আরবের অপরিশোধিত তেল উৎপাদন কমে ১৯৯০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয় নতুন এই হামলা দেশটির তেল উৎপাদন ও রপ্তানি পরিস্থিতিতে আরও চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank