

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে তীব্র স্রোতের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে হার্ডিং ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে পিকনিকের একটি নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। এ সময় নৌকায় থাকা কয়েকজন যাত্রী ছিটকে নদীতে পড়ে যান। তাদের মধ্যে তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্রোতের টানে নৌকাটি ভেসে গিয়ে লালন শাহ সেতুতেও ধাক্কা খায়।
নিখোঁজ তিন জন হলেন, শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব রকি এবং একই উপজেলার কবিরপুর এলাকার লিটন। নিখোঁজ অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজের কাছে পদ্মা নদীর তীব্র স্রোতের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে সেটি ব্রিজের একটি পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা কয়েকজন যাত্রী নদীতে ছিটকে পড়ে যান। পরে নৌকাটি স্রোতের সঙ্গে ভেসে গিয়ে লালন শাহ সেতুতেও ধাক্কা খায়। বিষয়টি দেখে স্থানীয়রা নৌকার যাত্রীদের উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেন। প্রথমে চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরে ওহাব নামে একজনকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে তিনজন নিখোঁজ রয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত। তিনি বলেন, এটি শৈলকুপার কবিরপুর এলাকার একটি ব্যবসায়িক দলের পিকনিকের নৌকা। তারা ভেড়ামারার সোলেমান শাহ মাজারে এসেছিলেন। দুর্ঘটনার পর তিনজন নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান চলছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কন্ট্রোলিং অফিসার ঘটনাস্থলে পৌঁছেছেন। পদ্মা নদীতে প্রবল স্রোত থাকায় রাতেই নিখোঁজদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। নৌকাটিতে প্রায় ১১০ জন যাত্রী ছিলেন। রাতে উদ্ধার অভিযান সফল না হলে বিভাগীয় ডুবুরি দল এনে অভিযান পরিচালনা করা হবে।
এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ তিনজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।



