

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সতর্কতামূলক অভিযান চালানোর দাবি করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র এ দাবি প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার (০৫ জুন) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, ওমান উপসাগরে অবস্থানরত কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজের দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠানো হয়।
তাদের দাবি, আঞ্চলিক জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের বিরুদ্ধে কথিত হুমকির প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানি নৌবাহিনী বলছে, কাদির ক্ষেপণাস্ত্র ও শাহিদ দানা ড্রোন ব্যবহারের পর মার্কিন নৌবাহিনীর কয়েকটি ডেস্ট্রয়ার ওমান উপসাগর ছেড়ে ভারত মহাসাগরের দিকে সরে যায়। একই সঙ্গে উভচর আক্রমণ সক্ষমতাসম্পন্ন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলিও এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছে বলে দাবি করে তেহরান।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এসব দাবি নাকচ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ইরানের বর্ণনার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। এমন কোনো ঘটনা ঘটলে তা দুই দেশের মধ্যকার বিদ্যমান যুদ্ধবিরতির জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করত।
এর আগে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড জানায়, ভারত মহাসাগরে নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি বাণিজ্যিক জাহাজকে আটকের অভিযান পরিচালনা করেছে মার্কিন বাহিনী। ‘এম/টি ড্যাভিনা’ নামের ওই জাহাজটির নিবন্ধনসংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি।
ইন্দো-প্যাসিফিক কমান্ডের দাবি, নিষেধাজ্ঞা এড়িয়ে পরিচালিত নেটওয়ার্ক ও ইরান-সংশ্লিষ্ট সরবরাহ ব্যবস্থার বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
