

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরান ভূগর্ভস্থ একটি নতুন মিসাইল ঘাঁটির অস্তিত্ব প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বুধবার এই ঘাঁটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করে।
এ উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং আইআরজিসির এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করেন। তাদের উপস্থিতিতেই ভূগর্ভস্থ এ মিসাইল ঘাঁটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয়।
পরিদর্শনকালে তারা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা, প্রস্তুতি এবং সামরিক কৌশলগত অবস্থান সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় অন্যান্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদেরও ঘাঁটির কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে অবহিত করা হয়।
সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি বলেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে।
তিনি জানান, গত বছরের জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষের পর দেশটির সামরিক কৌশলে পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে প্রতিরক্ষামূলক অবস্থান বেশি গুরুত্ব পেত, এখন সেখানে আক্রমণাত্মক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নতুন কৌশলের আওতায় দ্রুত এবং বৃহৎ পরিসরে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা উন্নত করা হয়েছে। পাশাপাশি অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক পরিকল্পনাকে কার্যকরভাবে মোকাবিলার জন্য বিশেষ কৌশল গ্রহণ করা হয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের অঞ্চলে যুদ্ধজাহাজসহ সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। এ
কই সময়ে দুই দেশের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও, আলোচনায় অগ্রগতি না হলে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা রয়েছে বলে বিভিন্ন মহলে ধারণা করা হচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে পারে।
সূত্র: ফার্স নিউজ
মন্তব্য করুন

