

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
সোমবার (১০ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে সরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ডাকসু কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সাদিক কায়েম অভিযোগ করে বলেন, নিয়োগ বাণিজ্য আর কোটাপ্রথাকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। শিক্ষক নিয়োগের ক্ষমতা যদি ম্যানেজিং কমিটির হাতে দেয়া হয়, তবে প্রথমে শুরু হবে কমিটি বাণিজ্য, আর তার পরপরই শুরু হবে নিয়োগ বাণিজ্য।
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি স্মরণ করে ডাকসু ভিপি বলেন, মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় দেশের অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছেন। কিন্তু দুই বছর পার হতে না হতেই বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে।
বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সাদিক কায়েম আহ্বান জানান, আগামীকাল দুপুর ৩টার মধ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।