সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইল বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৪:১৫ এএম
পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্স ।। ছবি: সংগৃহীত
expand
পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্স ।। ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবে পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এসব ঘটনার দায় নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের পদত্যাগ দাবি করেছে বিরোধী দল বিজেপি।

রোববার (২৫ জুলাই) বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি প্রশ্ন তোলেন, পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করবেন। একই সঙ্গে আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কাছে নৈতিকতার ভিত্তিতে বেইন্সের পদত্যাগ দাবি করেন তিনি।

বিজেপির অভিযোগ, পাঞ্জাব স্কুল এডুকেশন বোর্ডের দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট (পিএসটিইটি) এবং কৃষি উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এ ছাড়া বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম, নকল এবং ভুয়া মেধাতালিকার অভিযোগও তুলেছে দলটি।

পাঞ্জাব কংগ্রেসও এ বিষয়ে সরব হয়েছে। দলটির সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং বলেন, গত চার বছরে একাধিক প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনার জন্য দায় নির্ধারণ এবং জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

তবে বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন এএপি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, গত সাড়ে চার বছরে রাজ্যে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। পরীক্ষায় কিছু নকলের ঘটনা ধরা পড়লেও সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এএপি নেতা বালতেজ পান্নুও বিজেপি ও কংগ্রেসের অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, কয়েকজন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।

এর আগে ভারতের জাতীয় পর্যায়ে শিক্ষাব্যবস্থা নিয়ে বিতর্ক তৈরি হয় নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে। সেই ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ঘিরেও রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল। পরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রকের দায়িত্বে পরিবর্তন আসে।

কেন্দ্রীয় পর্যায়ের সেই বিতর্কের পর এবার পাঞ্জাবে শিক্ষামন্ত্রীকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সংঘাত। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে বিষয়টি এখন রাজ্যের রাজনীতিতে অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন