সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের সঙ্গে সমঝোতার চেষ্টা সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০২:১৪ এএম
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা
expand
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা

ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে সিরিয়া। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, এমন একটি চুক্তি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এর বিনিময়ে দখলকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার দাবি থেকে সরে আসবে না দামেস্ক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ‘আল মুকাবলা’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আল-শারা বলেন, ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমিয়ে একটি স্থায়ী সমাধানের দিকে এগোতে চায় তার সরকার। তার ভাষ্য, নিরাপত্তা চুক্তি হলে তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

তবে সিরিয়ার প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, কোনো সমঝোতাই গোলান মালভূমির বিষয়ে সিরিয়ার অধিকারকে প্রভাবিত করবে না। ১৯৭৩ সালের পর থেকে ওই অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

আল-শারা বলেন, সিরিয়া ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সংঘাতে জড়াতে চায় না। বরং নিরাপত্তা সংক্রান্ত একটি সমঝোতা বর্তমান সংকটগুলো সমাধানের একটি বিস্তৃত পথ তৈরি করতে পারে।

বাশার আল-আসাদের সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতায় আসেন আহমেদ আল-শারা। এরপর থেকেই দক্ষিণ সিরিয়ার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক তৎপরতা ও বিমান হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির মধ্যেই দুই দেশের মধ্যে নিরাপত্তা চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা সামনে এসেছে।

এদিকে লেবানন ইস্যুতেও নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাতের প্রেক্ষাপটে সিরিয়াকে ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আল-শারা জানিয়েছেন, প্রতিবেশী দেশটিতে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই সিরিয়ার।

তিনি বলেন, সামরিক পদক্ষেপের পরিবর্তে লেবাননের বর্তমান সংকট মোকাবিলায় দেশটির সরকারের সঙ্গে সহযোগিতার পথ খুঁজছে সিরিয়া।

সিরিয়ার প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, লেবাননে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে তার প্রভাব সরাসরি সিরিয়ার ওপর পড়বে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা আরও ছড়িয়ে পড়লে পুরো অঞ্চলে সংকট আরও জটিল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন