শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার হায়দরাবাদে বিক্ষোভের ডাক ‘ককরোচ পার্টির’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৯:৩৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলন বিস্তৃত করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরীক্ষাব্যবস্থায় অনিয়ম ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে দিল্লিতে প্রথম বিক্ষোভের এক সপ্তাহ পর এবার একাধিক শহরে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত সূচি অনুযায়ী, ১১ জুন থেকে ২০ জুনের মধ্যে ভারতের সাতটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে ১৪ জুন সকাল ১০টা থেকে হায়দরাবাদের ধরনা চক-এ সমাবেশ করার পরিকল্পনা রয়েছে সিজেপির।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পরীক্ষাব্যবস্থার সংস্কার এবং নিয়োগ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগও তাদের মূল দাবির তালিকায় রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দলটি সমর্থকদের উদ্দেশে জানায়, তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে এবং নির্ধারিত শহরগুলোতে অংশ নিতে সবাইকে আহ্বান জানানো হচ্ছে।

এর আগে গত ৬ জুন নয়াদিল্লির যন্তর-মন্তরে প্রথম বিক্ষোভ করে সিজেপি। সেখানে অংশগ্রহণকারীরা পরীক্ষাপদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

প্রথম কর্মসূচির পর এখন দলটি দেশজুড়ে পর্যায়ক্রমিক বিক্ষোভের মাধ্যমে আন্দোলন আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে, যেখানে মূল লক্ষ্য পরীক্ষাব্যবস্থার সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন