

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটেছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে। শুক্রবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত একটি টেলি-র্যালিতে ট্রাম্প বলেন, ‘আজ আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছি। তারা পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে—এটাই ছিল মূল শর্ত।’
তিনি আরও দাবি করেন, দুই পক্ষের মধ্যে একটি বড় ধরনের চুক্তি সম্পন্ন হয়েছে, যার ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। তার ভাষায়, ‘সবকিছু প্রায় চূড়ান্ত। মানুষ খুব শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করবে।’
এর আগে বৃহস্পতিবার (১১ জুন) অবশ্য ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তবে পরে তিনি জানান, আলোচনায় অগ্রগতি হওয়ায় পরিকল্পিত নতুন বিমান হামলা স্থগিত করা হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চলতি সপ্তাহান্তে ইউরোপে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে, যেখানে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে স্থায়ীভাবে বিরত রাখার বিষয়টি থাকবে। চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও তুলে নেওয়ার কথা বলা হয়েছে।
তবে ট্রাম্পের এই আশাবাদী বক্তব্যের সঙ্গে ভিন্ন অবস্থান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্র বারবার নতুন শর্ত যোগ করে আলোচনা জটিল করছে।
এদিকে দুই দেশের আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকার কথা উভয় পক্ষই স্বীকার করেছে। ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে।
সংঘাত কমার সম্ভাবনার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়ে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে আসে, পাশাপাশি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা যায়।
