

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের উৎসব। ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা এবং নাইজেরিয়ার জনপ্রিয় গায়ক বার্না বয়। তারা বিশ্বকাপের অফিসিয়াল সংগীত ‘দাই দাই’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। তাদের পরিবেশনায় স্টেডিয়ামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ একসঙ্গে পরিবেশন করেন আলোচিত গান ‘ডিএনএ’। তাদের পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা।
মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্যেরও ছিল উজ্জ্বল উপস্থিতি। দেশটির জনপ্রিয় রক ব্যান্ড মানা, পপ তারকা বেলিন্ডা, লোকসংগীতশিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া দল লোস অ্যাঞ্জেলেস আজুলিস নিজেদের পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলেন। অনুষ্ঠানে মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ।
লাতিন আমেরিকার সুরও ছিল উদ্বোধনী অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। ভেনিজুয়েলার ড্যানি ওশেন, কলম্বিয়ার জে বালভিন এবং রায়ান কাস্ত্রোর রেগেটন পারফরম্যান্সে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
তবে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন শুধুমাত্র মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্রেও পৃথক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ১২ জুন টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কানাডার অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়ের।
এর একদিন পর, ১৩ জুন লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচের আগে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে মঞ্চ মাতাবেন মার্কিন পপ তারকা কেটি পেরি। তার সঙ্গে থাকবেন র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসা, নাইজেরিয়ার রেমা এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় শিল্পী টাইলা।
বাংলাদেশের দর্শকদের জন্যও বিশ্বকাপ উপভোগের একাধিক মাধ্যম থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানসহ টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। পাশাপাশি বিটিভি ও টি-স্পোর্টসেও খেলা দেখা যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে টফি, মাই রবি এবং বায়োস্কোপের মাধ্যমে দর্শকরা বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন।
মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সংগীত, সংস্কৃতি ও বৈশ্বিক ঐক্যের বার্তা দিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। অ্যাজটেকা স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই আয়োজন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসবকে নতুন মাত্রা দিয়েছে।
