

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণে অন্তত ৪২ শিশু আহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশন (ইউএনএএমএ) এ তথ্য জানিয়েছে।
সোমবার সন্ধ্যায় কাবুলের পশ্চিমাঞ্চলের দাশত-ই-বারচি এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এলাকাটি মূলত হাজারা ও শিয়া সম্প্রদায়ের মানুষের বসবাসের জন্য পরিচিত। অতীতে এই এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী একাধিক হামলা চালিয়েছে।
বিস্ফোরণে আহত অন্তত ৩৫ শিশুকে কাবুলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের সবার বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। তাদের শরীরে মূলত বিস্ফোরণের ধাতব টুকরার আঘাত রয়েছে। অন্তত তিন শিশুর অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে বলে জানান কাবুলে ইমার্জেন্সি হাসপাতালের আফগানিস্তান কান্ট্রি ডিরেক্টর দেজান পানিচ।
বিস্ফোরণের স্থান ও হামলার ধরন দেখে এটিকে পরিকল্পিত হামলা বলে আশঙ্কা করছেন অনেকে। আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট ঘটনাটিকে ‘নৃশংস হামলা’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।
আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়নের মিশনও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছে, শিশু ও শিক্ষা প্রতিষ্ঠানে ইচ্ছাকৃত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দাশত-ই-বারচি কাবুলের ঘনবসতিপূর্ণ একটি এলাকা। সেখানে হাজারা সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি। সাম্প্রতিক বছরগুলোতে এলাকাটি বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ, শিক্ষার্থী এবং শিয়া সম্প্রদায়ের সদস্যরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।


