

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাপানের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ভারী তুষারপাতের কারণে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৯১ বছর বয়সি এক বৃদ্ধা, যার মরদেহ নিজ বাড়ির সামনে তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন। সেখানে তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এসব খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে উদ্ধারকাজে সহায়তার জন্য দেশটির কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। দুর্গম এলাকায় তুষারের উচ্চতা এখনও প্রায় ৪ দশমিক ৫ মিটার বা ১৫ ফুট পর্যন্ত।
স্থানীয় প্রশাসন সতর্ক করেছেন, জমে থাকা তুষারের চাপ এবং বাড়ির ছাদ থেকে তুষার ধসে পড়ার কারণে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, আওমোরির আজিগাসাওয়া এলাকায় ৯১ বছর বয়সি বৃদ্ধা কিনা জিন-এর মরদেহটি তুষারের নিচে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বাড়ির ছাদ থেকে তুষার ধসে পড়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচাও পাওয়া গেছে।
আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা জানিয়েছেন, তুষার সরাতে এবং একা বসবাসকারী বয়স্কদের সহায়তার জন্য তিনি সামরিক বাহিনীর সাহায্য চেয়েছেন।
তিনি আরও জানান, আঞ্চলিক রাজধানী আওমোরি শহরে অনেক জায়গায় ১ দশমিক ৮ মিটার উঁচু তুষার জমেছে। তুষারের চাপ এবং ছাদ থেকে বরফ পড়ার কারণে ভবন ধসে পড়া বা আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন

