শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মঘাতী হামলার জেরে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম
হামলায় বিধ্বস্ত একটি ভবন। পুরোনো ছবি
expand
হামলায় বিধ্বস্ত একটি ভবন। পুরোনো ছবি

সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জেরে আফগানিস্তান সীমান্তসংলগ্ন এলাকায় উগ্রবাদীদের সন্দেহভাজন আস্তানায় বিমান ও সমন্বিত হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

রোববার ভোরে পরিচালিত এ অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক স্থাপনায় আঘাত হানা হয়েছে বলে ইসলামাবাদ জানিয়েছে।

অভিযান ঠিক কোন এলাকায় চালানো হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সীমান্তের কাছাকাছি অঞ্চল এমনকি আফগানিস্তানের ভেতরের কিছু জায়গাও-লক্ষ্যবস্তু হতে পারে বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে কাবুলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ‘এক্স’ (সাবেক টুইটার)–এ দেওয়া বিবৃতিতে জানান, পাকিস্তানি তালিবান (টিটিপি) ও তাদের সহযোগীদের সাতটি ক্যাম্পে “নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক” অভিযান চালানো হয়েছে। পাশাপাশি সীমান্ত অঞ্চলে সক্রিয় ইসলামিক স্টেট (আইএস)-ঘনিষ্ঠ একটি গোষ্ঠীর অবস্থানেও হামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ; তবে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। সাম্প্রতিক হামলার পেছনে “আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও সমন্বয়কারীদের” সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

এই সামরিক পদক্ষেপের আগে উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজোর জেলায় একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণ ও বন্দুক হামলায় ১১ জন সৈন্য এবং এক শিশু নিহত হন। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হামলাকারী আফগান নাগরিক ছিলেন। এর একদিন আগে বান্নু জেলায় পৃথক আত্মঘাতী হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুজন সেনা সদস্য নিহত হন।

এসব ঘটনার পর পাকিস্তান সেনাবাহিনী সতর্কবার্তা দিয়ে জানায়, দায়ীদের অবস্থান যেখানেই হোক না কেন, অভিযান চালানো হবে এবং আর কোনো “সংযম” দেখানো হবে না।

পাকিস্তানের অভিযোগ, ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকে টিটিপি ও কিছু বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, টিটিপি আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুল ও টিটিপি উভয়ই এই অভিযোগ অস্বীকার করে।

দোহা চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী আফগান মাটি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত না হওয়ার নিশ্চয়তা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে পাকিস্তান। কাতার ও ইস্তাম্বুলে মধ্যস্থতার প্রচেষ্টা চললেও সীমান্তে উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগে দুই দেশের সম্পর্ক এখনো অস্থির রয়ে গেছে।

ঘটনার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে; বিশ্লেষকদের মতে, সীমান্তজুড়ে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সংলাপ জোরদার না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup