

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতকে নিয়ে কড়া মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ভারতের একমাত্র অপছন্দের দল হলো জামায়াতে ইসলামী। তারা জামায়াতকে ‘লাল কার্ড’ দেখায়। তবে সেই কার্ডের কোনো পরোয়া করে না জামায়াত, কারণ ভারতের ভূখণ্ডে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অর্জন কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও ‘২৪’-এর অর্জন রক্ষা করবে জামায়াতে ইসলামী।’
তিনি বলেন, ‘সবাই ২০২৪ সালের অর্জনের কথা স্বীকার করলেও অনেকে এখনো অতীত নিয়েই ব্যস্ত। ২৪ না হলে তারেক সাহেব প্রধানমন্ত্রী আর আমি বিরোধীদলীয় নেতা হতে পারতাম না। অতীত নিয়েই পড়ে থাকলে জাতি সামনে এগোবে কীভাবে?’
জামায়াত আমির আরও বলেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার। জনগণ গণভোটের প্রশ্ন বুঝতে পারে না—এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘চারটি প্রশ্ন বুঝতে না পারলে ৩১ দফা বুঝল কীভাবে?’
সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট কারচুপির বিষয় একদিন সামনে আসবেই। গণভোটের রায়ের পক্ষে আন্দোলন কখনোই বৃথা যাবে না। সংসদে সমাধান না হলে রাজপথে সমাধান হবে।
ডা. শফিকুর রহমান শহীদদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণের দাবি জানান। তিনি বলেন, সংস্কারের প্রত্যাশা ধরে রাখতে হবে। জনগণের ন্যায্য দাবি আদায়ে সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকবে জামায়াতে ইসলামী।