

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করার পর তার বিষয়ে সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বক্তব্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মোজাফফর হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সেনাবাহিনীর প্রচলিত বিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।’
এর আগে বুধবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোজাফফর হোসেনকে আটক করে। ডিবি জানিয়েছে, দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। মামলা-সংক্রান্ত নথি অনুযায়ী, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে একাধিক সেনা কর্মকর্তার বিচার হয়। তাদের মধ্যে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের পর মোজাফফর হোসেন পালিয়ে যান এবং দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। পরে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। অবশেষে ৪৫ বছর পর রাজধানী থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাবাহিনীর প্রচলিত বিধান অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে।