

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক মুহূর্তকে ভক্তদের হৃদয়ে ও ড্রয়িংরুমে স্থায়ী রূপ দিতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফাইনাল ম্যাচের ভেন্যু, নিউ ইয়র্ক/নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের আসল প্রাকৃতিক ঘাসের মাঠের অংশবিশেষ বিক্রির ঘোষণা দিয়েছে তারা।
সাধারণত এনএফএল-এর দল নিউ ইয়র্ক জেটস এবং জায়ান্টস-এর হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত এই স্টেডিয়ামে কৃত্রিম ঘাস ব্যবহার করা হলেও, বিশ্বকাপের জন্য বিশেষভাবে এখানে প্রাকৃতিক ঘাস স্থাপন করা হয়েছে।
ইতিহাসের অংশ হয়ে যাওয়া এই মাঠের টুকরো নিয়েই ফিফা সাজিয়েছে তাদের বিশেষ কালেকশন।
ফিফা স্টোরের অফিসিয়াল ওয়েবসাইটে এই স্মারকটি "FIFA World Cup 2026™ Piece of the Pitch - Foundation Edition" নামে তালিকাভুক্ত করা হয়েছে।
ফুটবলপ্রেমীদের জন্য তৈরি এই বিশেষ সংগ্রহযোগ্য বস্তুটি প্রিমিয়াম অ্যাক্রিলিকের আবরণে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়েছে, যার সাথে থাকছে একটি বিশেষ ইউএসবি (USB) স্মারক।
প্রতিটি টুকরোতে ফাইনাল ম্যাচের সেই ঐতিহাসিক খেলার মাঠের আসল অংশ থাকবে, যা ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা আসরের সাক্ষী হিসেবে ফুটবল ভক্তদের সংগ্রহশালাকে সমৃদ্ধ করবে।
সীমিত সংস্করণের এই ঐতিহাসিক স্মারকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার।
কিউব আকৃতির এই ঘাসের ব্লকের আকার প্রতিটি ১৭.৫ সেমি × ১৭.৫ সেমি × ১৭.৫ সেমি। তবে ইচ্ছে করলেই বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এটি সরাসরি সংগ্রহ করা যাবে না, ফিফা জানিয়েছে এটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের নির্দিষ্ট ঠিকানায় শিপিংয়ের জন্য উপলব্ধ থাকবে।
বিশ্বকাপের উন্মাদনা শেষ হওয়ার পরপরই ক্রেতাদের হাতে এই মহামূল্যবান স্মারক পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে ফিফা।
আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখে ফাইনাল ম্যাচটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর থেকেই অর্ডারকৃত পণ্যগুলো গ্রাহকদের ঠিকানায় পাঠানো (শিপ) শুরু হবে। ইতিহাসের অংশ হওয়ার এই সুযোগটি ফুটবলপ্রেমী ও সংগ্রাহকদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
