সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে সূর্যগ্রহণ, যেসব জায়গায় থেকে দেখা যাবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ সময় চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে সরলরেখায় অবস্থান নেওয়ায় সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাবে। ফলে দিনের বেলাতেই কয়েক মিনিটের জন্য নেমে আসবে রাতের মতো অন্ধকার। মহাকাশপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক রোমাঞ্চকর দৃশ্য। তবে বাংলাদেশের আকাশ থেকে এ সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে না।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে ইউরোপ ও আর্কটিক অঞ্চলের নির্দিষ্ট কিছু স্থান থেকে। গ্রহণের পূর্ণগ্রাস পথ অতিক্রম করবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর এবং স্পেনের ওপর দিয়ে। এছাড়া ইউরোপের অধিকাংশ অঞ্চল, উত্তর গোলার্ধের বিভিন্ন এলাকা এবং উত্তর-পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ উপভোগ করা যাবে।

বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ না দেখতে পাওয়ার প্রধান কারণ হলো সময়ের পার্থক্য। বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে ১২ আগস্ট রাত ১০টা ১৫ মিনিটে এবং শেষ হবে ১৩ আগস্ট রাত ২টা ৪৫ মিনিটে। মূলত রাতের কারণেই বাংলাদেশ, ভারতসহ উপমহাদেশের কোনো স্থান থেকেই এই গ্রহণ দেখা যাবে না।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে এসে দাঁড়ায়। এসময় সূর্য পুরোপুরি ঢেকে যায়। এতে দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার নেমে আসে এবং আকাশের তারাগুলো দৃশ্যমান হয়ে ওঠে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়। তখন কয়েক মিনিটের জন্য দিনের আলো নিভে গিয়ে চারপাশে গোধূলির মতো পরিবেশ সৃষ্টি হয় এবং সূর্যের বাইরের বায়ুমণ্ডল বা করোনা খালি চোখে দেখা যায়। তবে পূর্ণগ্রাসের ক্ষণিক সময় ছাড়া সূর্যের দিকে কখনোই খালি চোখে তাকানো নিরাপদ নয়। এজন্য বিশেষ মানের সোলার ভিউয়িং চশমা বা অনুমোদিত ফিল্টার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।

সূর্য চাঁদের চেয়ে প্রায় ৪০০ গুণ বড় এবং পৃথিবী থেকে চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ বেশি দূরে অবস্থিত। এই দূরত্বের ভারসাম্যের কারণেই পৃথিবী থেকে চাঁদ ও সূর্যকে প্রায় একই আকারের মনে হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন