বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি'র নির্বাচনে পরিচালক পদে লড়বেন আসিফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ এএম আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ এএম
expand
বিসিবি'র নির্বাচনে পরিচালক পদে লড়বেন আসিফ

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিচালক পদে নির্বাচিত হলে শুধু কুমিল্লা নয়, পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান।

আসিফ বলেন, “কুমিল্লার পাশাপাশি নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো চট্টগ্রাম বিভাগেই প্রচুর ক্রিকেট প্রতিভা আছে। প্রতিটি জেলায় নতুন ক্রিকেটার গড়ে তোলার সুযোগ রয়েছে। আমি বিশ্বাস করি, প্রতিটি জেলায় আলাদা উদ্যোগ নিলে ক্রিকেটকে আরও শক্তিশালী করা সম্ভব।”

তিনি জানান, শুরুতে বিসিবির কাউন্সিলর হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। নির্বাচনী রাজনীতিতে আগ্রহ কম থাকলেও কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং সংগঠকদের বিশেষ অনুরোধেই তিনি এগিয়ে এসেছেন।

আসিফ বলেন, “ক্রিকেট আমার আবেগ, আমার ভালোবাসা। আমি নিজে খেলেছি, তাই খেলাটার প্রতি টান সবসময়ই কাজ করে। কিন্তু কাউন্সিলর হওয়া বা বিসিবির নির্বাচন করার ইচ্ছা আগে কখনো ছিল না। কুমিল্লার সংগঠক ও খেলোয়াড়েরা আমাকে বিশেষভাবে অনুরোধ করায় তাদের কথার প্রতিই সম্মান দেখিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি।”

বর্তমানে যুক্তরাষ্ট্রে কনসার্ট সফরে ব্যস্ত আসিফ। টানা ১৪টি শোয়ের মধ্যে দুটি শেষ হয়েছে, বাকি ১২টি শোতে অংশ নিতে হবে। তিনি জানান, “গান আমার পেশা, এটা ফেলে দেওয়া সম্ভব নয়। তবে এখান থেকেই ই–ব্যালটের মাধ্যমে ভোট দেব। কাউন্সিলরদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি, তারাও আমাকে আশ্বস্ত করছেন।”

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। এর আগে আজ থেকে পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে, যা আগামীকাল পর্যন্ত জমা দেওয়ার সুযোগ থাকবে। আসিফ আকবরও এই প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup