সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ক্ষ্যাপ’ খেললে জাতীয় ফুটবলারদের বিরুদ্ধে ব্যবস্থা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মৌসুমের বিরতিতে জেলা পর্যায়ের শৌখিন টুর্নামেন্ট বা ম্যাচে জাতীয় দলের ফুটবলারদের অংশ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এমন কর্মকাণ্ডের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

রোববার (৯ আগস্ট) বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় দলের খেলোয়াড়দের এ ধরনের ম্যাচে অংশ নেওয়ার বিষয় সামনে এলে তা গুরুত্ব দিয়ে যাচাই করা হবে। সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডো সামনে রেখে জাতীয় দলের ম্যাচ নিয়েও আলোচনা চলছে। কিরগিজস্তানে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। একই সময়ে ঢাকায় একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করছে বাফুফে।

তাবিথ আউয়াল জানান, বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে দুটি দেশের সম্মতি পাওয়া গেছে। আবার কিরগিজস্তানেও খেলার আমন্ত্রণ রয়েছে। জাতীয় দল কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত হবে, বাংলাদেশ ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করবে, নাকি বিদেশে গিয়ে খেলবে।

এদিকে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর আগেই ঘরোয়া ফুটবল শুরু করার পরিকল্পনা রয়েছে বাফুফের। বর্তমানে তিনটি ক্লাব ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ওই তিন ক্লাবকে ছাড়াই ১০ দল নিয়ে লিগ শুরু করা হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।

নিষেধাজ্ঞা প্রত্যাহারে ক্লাবগুলোকে সহায়তার বিষয়ে তাবিথ বলেন, ফিফার সঙ্গে যোগাযোগ করেছে বাফুফে। তবে খেলোয়াড়দের পাওনা পরিশোধের বিষয়ে ফিফা কঠোর অবস্থানে রয়েছে। যেসব ক্লাব সহায়তা চেয়েছে, তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য নিজস্ব জমি প্রয়োজন বাফুফের। এ জন্য কক্সবাজারের রামু উপজেলায় ২৫ একর জমি চেয়েছিল সংস্থাটি। তবে সরকার ১৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তাবিথ আউয়াল জানান, জমির মিউটেশন বাবদ বাফুফে এক লাখ টাকা দেবে। জমি বাফুফের নামে হলে ফিফার সঙ্গে টেকনিক্যাল সেন্টার নির্মাণের পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন