সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনির দল ছাড়ার গুঞ্জন, যা বলছেন মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে দলবদলের গুঞ্জন যখন ইউরোপীয় ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দু, তখন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিয়ো সেই জল্পনায় পানি ঢালার চেষ্টা করেছেন। আর্সেনালের আগ্রহের খবরের মাঝেই তিনি জানিয়েছেন, ব্রাজিলিয়ান উইঙ্গার খুব শিগগিরই দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিচ্ছেন।

প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে ফিওরেন্টিনার বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মরিনিয়ো বলেন, বিশ্বকাপে অংশ নেওয়া কয়েকজন খেলোয়াড় এখনো ছুটিতে থাকায় পূর্ণ শক্তির দল নিয়ে কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে সোমবার (৩ আগস্ট) ভিনিসিয়ুস জুনিয়র, ব্রাহিম এবং বার্নার্দো দলের সঙ্গে যোগ দেবেন বলে জানান তিনি।

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত হলেও নতুন চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে আগ্রহী বলে বিভিন্ন প্রতিবেদনে আর্সেনালের নাম উঠে এসেছে। এমনকি এই ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াতে নিজেদের প্রচলিত বেতন কাঠামোতেও পরিবর্তন আনতে প্রস্তুত উত্তর লন্ডনের ক্লাবটি—এমন দাবিও করা হয়েছে।

তবে মরিনিয়োর বক্তব্যে স্পষ্ট হয়েছে, অন্তত আপাতত ভিনিসিয়ুসকে ঘিরে রিয়ালের পরিকল্পনায় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। তার লক্ষ্য, যত দ্রুত সম্ভব পুরো স্কোয়াডকে একত্র করে নতুন মৌসুমের প্রস্তুতি সম্পন্ন করা।

ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচে শুরুটা দারুণ করেছিল রিয়াল মাদ্রিদ। এন্ডরিক ও একাডেমির তরুণ অ্যালেক্সিস সিরিয়ার গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু বিরতির পর রবার্তো পিকোলি ও মইজে কিন গোল করে ইতালিয়ান ক্লাবটিকে সমতায় ফেরান।

ড্র হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট মরিনিয়ো। তার ভাষায়, ম্যাচে রিয়ালের তিনটি ভিন্ন চেহারা দেখা গেছে—একটি সতেজ, একটি ক্লান্ত এবং শেষ দিকে পুরোপুরি অবসন্ন দল। প্রথমার্ধে তার দল আরও বড় ব্যবধানে এগিয়ে থাকতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচটি শারীরিক লড়াইয়ে রূপ নেয় বলে উল্লেখ করেন পর্তুগিজ কোচ। তিনি বলেন, তরুণ ডিফেন্ডারদের বিপক্ষে মইজে কিনের মতো শক্তিশালী ফরোয়ার্ডকে সামলানো সহজ ছিল না। তবুও তরুণরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে।

নতুনদের পারফরম্যান্সেও সন্তুষ্ট মরিনিয়ো। বিশেষ করে ডেনজেল ডামফ্রিস ও এন্দরিকের প্রশংসা করে তিনি বলেন, মাত্র কয়েক দিনের অনুশীলনের পরও তারা ৭০ মিনিটের বেশি খেলেছেন, যা তাদের পেশাদারিত্ব ও দলের প্রতি দায়বদ্ধতারই প্রমাণ। একই সঙ্গে একাডেমি থেকে উঠে আসা কয়েকজন তরুণের পারফরম্যান্সও তাকে আশাবাদী করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন