বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ক্লপ যুগে’ জার্মান ফুটবল

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় ফুটবল দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইয়ুর্গেন ক্লপের হাতে। জুলিয়ান নাগেলসম্যানের জায়গায় দেশটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক লিভারপুল কোচ। জার্মান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন ক্লপ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ক্লপের নাম ঘোষণা করে জার্মান ফুটবল ফেডারেশন। নতুন দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে ক্লপ বলেন, জাতীয় ফুটবল দল জার্মানদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই দায়িত্ব তার কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।

লিভারপুল ছাড়ার পর প্রায় এক বছর কোচিং থেকে দূরে ছিলেন ক্লপ। ২০২৪ সালে ইংলিশ ক্লাবটি ছাড়ার পর তিনি কিছু সময় বিশ্রামে ছিলেন। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে রেড বুলসের ‘হেড অব সকার’ হিসেবে নতুন দায়িত্ব নেন। বিশ্বকাপ চলাকালে তিনি ম্যাজেন্টা টিভির বিশ্লেষক হিসেবেও কাজ করেন।

তবে জার্মানির দায়িত্ব নেওয়ার পর খুব দ্রুতই বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে ক্লপকে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত মাত্র ১১ দিনের মধ্যে উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডস, গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে খেলতে হবে জার্মানিকে।

সাম্প্রতিক বছরগুলোতে জার্মান ফুটবল দল ধারাবাহিক সাফল্যের অভাবে ভুগছে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বে উঠেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা।

এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ান নাগেলসম্যান। তার অধীনে জার্মানির উল্লেখযোগ্য সাফল্য ছিল ২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছানো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন