

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের ফাইনালে শিরোপা হাতছাড়া হওয়ার কষ্ট নিয়েই দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে মাঠের ব্যর্থতা সমর্থকদের ভালোবাসায় কোনো প্রভাব ফেলতে পারেনি। চ্যাম্পিয়ন হতে না পারলেও লিওনেল স্কালোনির দলকে বরণ করে নিতে বুয়েনস এইরিসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল উৎসবের আবহ।
স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আর্জেন্টিনা দলের বিশেষ চার্টার্ড বিমান এজেইজা বিমানবন্দরে পৌঁছায়। দলের সঙ্গে দেশে ফেরেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া, প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ এবং ১৯ জন খেলোয়াড়। তবে দলের অধিনায়ক লিওনেল মেসি এই যাত্রায় ছিলেন না। আরও কয়েকজন ফুটবলারও বিমানবন্দর থেকে সরাসরি নিজ নিজ গন্তব্যে চলে যান।
দলকে স্বাগত জানাতে এএফএর পক্ষ থেকে করা হয়েছিল বিশেষ আয়োজন। খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য বিছানো হয় লাল গালিচা। এ সময় গ্রানাদেরোস অর্কেস্ট্রার পরিবেশনায় বাজানো হয় আর্জেন্টাইন সমর্থকদের অন্যতম প্রিয় গান ‘মুচাচো’। বিশ্বকাপ ট্রফি সঙ্গে না থাকলেও পুরো আয়োজনে ফুটে ওঠে জাতীয় দলের প্রতি সমর্থকদের গভীর আবেগ।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাজারো সমর্থক বিমানবন্দরের বাইরে অপেক্ষা করেন প্রিয় দলের জন্য। কারও হাতে ছিল জাতীয় পতাকা, কারও গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। ফাইনালের হারের হতাশা থাকলেও খেলোয়াড়দের প্রতি তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতাই ছিল সবচেয়ে বেশি দৃশ্যমান।
এবার শিরোপা উদ্যাপনের আয়োজন না থাকলেও বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে শহরের পথে বের হন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। রাস্তার পাশে জড়ো হওয়া সমর্থকেরা স্লোগান দিয়ে ও হাত নেড়ে দলকে শুভেচ্ছা জানান। খেলোয়াড়েরাও পাল্টা অভিবাদন জানিয়ে সমর্থকদের ভালোবাসার জবাব দেন।
সমর্থকদের এই অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে এএফএ জানায়, পুরো বিশ্বকাপজুড়ে সমর্থকেরা যেভাবে দলের পাশে ছিলেন, তা ছিল অসাধারণ। ফলাফল প্রত্যাশামতো না হলেও দলের ঐক্য ও বন্ধন অটুট থাকবে বলেও জানানো হয়।
দেশে না ফিরলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। তিনি জানান, ফাইনালের পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগবে। তবে এই বিশ্বকাপের অভিজ্ঞতা ও স্মৃতিগুলো তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।
মেসি আরও বলেন, পুরো টুর্নামেন্টজুড়ে দল নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত সমর্থন জানানো ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকেও অভিনন্দন জানান আর্জেন্টাইন অধিনায়ক।