

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনার মদনে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালীভিন্নী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আবু বক্কর, বিপুল, রকি খান, রহিছ উদ্দিন, কামাল তালুকদার, শামছুনা আক্তার, আতিকুর রহমান, নজরুল ও রাজ্জাকের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের তাড়াইল ও কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রমজানের ঈদের সময় গরু কেনা ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে একই গ্রামের নজরুল ও জাহাঙ্গীরের পক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। ওই ঘটনার জের ধরে রোববার দুপুরে দুই পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, দুই পক্ষের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগেও তাদের মধ্যে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


