

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লোস আলবার্তো পেরেইরা মারণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। বিশ্বকাপজয়ী এই কোচ বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম।
৮৩ বছর বয়সী পেরেইরা দীর্ঘদিন ধরেই হজকিন্স লিম্ফোমা নামের এক ধরনের ক্যান্সারে ভুগছেন। ২০০৩ সালে তার শরীরে প্রথম এই রোগ শনাক্ত হয়। সম্প্রতি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে রিও ডি জেনেইরোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ তার বর্তমান শারীরিক অবস্থা কিংবা কবে ভর্তি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ব্রাজিলিয়ান ফুটবলে পেরেইরার অবদান অনন্য। তার নেতৃত্বেই ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। পরবর্তীতে ২০০৬ বিশ্বকাপেও জাতীয় দলের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তার অধীনেই ব্রাজিল জিতেছিল ২০০৪ সালের কোপা আমেরিকা ও ২০০৫ সালের কনফেডারেশনস কাপ।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তথ্য অনুযায়ী, জাতীয় দলের কোচ হিসেবে মোট ১৭৭টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন পেরেইরা। তার সময়ে ব্রাজিল ১২৪টি ম্যাচ জিতেছে, ৩৯টি ড্র করেছে এবং মাত্র ১৪টি ম্যাচে পরাজিত হয়েছে। পরিসংখ্যানই বলে দেয়, জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন তিনি।
পেরেইরার সঙ্গে ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসের সম্পর্ক আরও পুরোনো। ১৯৭০ সালে কিংবদন্তি দলের কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি, যে দলটিকে এখনো অনেকেই সর্বকালের সেরা বিশ্বকাপজয়ী দল বলে মনে করেন। পরে ২০১৪ বিশ্বকাপেও জাতীয় দলের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
শুধু ব্রাজিল নয়, বিশ্ব ফুটবলেও পেরেইরার পদচিহ্ন বিস্তৃত। বিভিন্ন সময়ে তিনি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। বিশ্বকাপের ইতিহাসে একাধিক দেশের কোচ হিসেবে অংশ নেওয়া বিরল ব্যক্তিত্বদের একজনও তিনি।
